প্রচ্ছদ > বিনোদন >

‘বাটোয়ারা’ সিনেমার সানি দেওল-প্রীতির ফার্স্টলুক প্রকাশ্যে

article-img

বহু প্রতীক্ষিত ‘বাটোয়ারা ১৯৪৭’ সিনেমার ফার্স্টলুক প্রকাশ্যে এসেছে। এ ড্রামা পরিচালনা করেছেন রাজকুমার সন্তোষী ও প্রযোজনায় আমির খান প্রোডাকশনস। এদিন বলি অভিনেতা সানি দেওল, অভিনেত্রী প্রীতি জিনতা, শাবানা আজমি— সবার ফার্স্টলুক উন্মোচিত হয়েছে। 

এর মধ্য দিয়ে সানি দেওল আবারও দেশপ্রেমের গাঁথা নিয়ে পর্দায় ‘বিপ্লবী’ অবতারে আগুন ঝরাতে চলেছেন। এবার তার সঙ্গী আমির খান। সানির সঙ্গে জুটি বেঁধে নতুন দেশাত্মবোধক গাঁথা উপহার দিতে চলেছেন প্রযোজক ‘মিস্টার পারফেকশনিস্ট’। 

১৯৪৭ সালে দেশভাগের প্রেক্ষাপটে নির্মিত এ সিনেমায় সানি দেওলের পাশাপাশি অভিনয় করেছেন প্রীতি জিনতা, শাবানা আজমি, করণ দেওল, আলি ফজল, অভিমন্যু সিং, খুশি হাজারেসহ একঝাঁক তারকা। 

যদিও শুরুতে এ সিনেমার নাম রাখা হয় ‘লাহোর ১৯৪৭’। পরে সিনেমার নাম বদল হয়। গত ৯ জুন ‘বাটোয়ারা ১৯৪৭’ নামে প্রকাশ্যে আসে সিনেমার পয়লা ঝলক। এর পাশাপাশি সিনেমা মুক্তির দিনক্ষণও প্রকাশ্যে আসে। স্বাধীনতা দিবসের আবহে চলতি বছরের ১৪ আগস্ট মুক্তি পাবে সানি দেওলের এ দেশাত্মবোধক সিনেমা ‘বাটোয়ারা ১৯৪৭’। 

এ সিনেমার ফার্স্টলুকে দেখা গেছে, অভিনেত্রী প্রীতি জিনতাকে গোলাপি রঙের সালোয়ার-কামিজে। দরজার আড়াল থেকে লুকিয়ে যেন কিছু একটা দেখছেন বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি। আর সানি দেওল ধরা দিয়েছেন কোনো এক আবেগঘন মুহূর্তে। এ সিনেমা যে সময়ের ছকে বাঁধা নয়, তা যেন ফার্স্টলুকেই একেবারে স্পষ্ট বলেই মত সিনেপ্রেমী অনুরাগীদের। এ সিনেমা দর্শকদের মনে দাগ কাটতে বাধ্য বলেও মনে করছেন কেউ কেউ।

উল্লেখ্য, সানি-প্রীতি জিনতার সিনেমা ‘বাটোয়ারা ১৯৪৭’ মুক্তির একই দিনে সিরিয়াল কিসারখ্যাত অভিনেতা ইমরান হাশমি অভিনীত ‘আওয়ারাপন ২’ সিনেমা মুক্তি পাচ্ছে। এখন দেখার বিষয়, বক্স অফিসযুদ্ধে কার গ্রাফ কোথায় যায়?